গাইবান্ধা

ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, শিক্ষক কারাগারে

আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে আবু সাঈদ (৪৩) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আবু সাঈদ গোবিন্দগঞ্জ পৌর শহরের মতিঝিল-সংলগ্ন ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার শিক্ষক।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওই নারী লালমাটিয়া মাদ্রাসার এক শিক্ষার্থীর মা। তার সঙ্গে সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন ধরনের অশ্লীল ভিডিও ধারণ করেন আবু সাঈদ। পরে এসব ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করে অর্থ আদায় করেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রথম দফায় ওই নারীর কাছ থেকে তিন লাখ টাকা নেন আবু সাঈদ। পরে গত শনিবার (২৪ অক্টোবর) দ্বিতীয় দফায় আরও ৫১ হাজার টাকা নিতে গেলে বিষয়টি বুঝতে পেরে স্থানীয় লোকজন তাকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী নারী গোবিন্দগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার আদালতের মাধ্যমে আবু সাঈদকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত