কাফন গায়ে প্রশাসক কার্যালয়ে মুক্তিযোদ্ধার অনশন

পটুয়াখালীর নিজের বসতভিটায় নিরাপদে বসবাসের নিশ্চয়তা, হামলা ও প্রাণনাশের হুমকির বিচার এবং সরকারি ঘর নির্মাণের কাজ সম্পন্ন করার দাবিতে কাফনের কাপড় গায়ে রেখে আমরণ অনশন করছেন বীর মুক্তিযোদ্ধা মো. আজাহার আলী হাওলাদার (৭৬)। রবিবার (১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু করেন তিনি।

মো. আজাহার আলী হাওলাদার (৭৬) পটুয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের পুরাতন ফেরিঘাট এলাকার বাসিন্দা আজাহার আলীর মুক্তিযোদ্ধা আইডি নম্বর ৬০৩০১০১৫৬।

অনশনরত মুক্তিযোদ্ধার অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা করছেন। বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয়েছে। এমনকি বসতঘরে হামলার ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে নিজের বসতভিটায় নিরাপদে বসবাস করতে না পেরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে আমরণ অনশনে বসেছেন তিনি।

আজাহার আলীর দাবি, সরকারি ঘর বরাদ্দ পেলেও নানা জটিলতা ও বাধার কারণে সেটির নির্মাণকাজ শেষ করা যাচ্ছে না। ফলে সরকারি সহায়তা পাওয়ার পরও ঘরটি তার কাজে আসছে না।

অভিযোগে জানা গেছে, চলতি বছর ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী পৌরসভার পুরাতন ফেরিঘাট এলাকায় তার বসতঘরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে স্থানীয় কামাল গাজী (৫০), ফারুক গাজী (৪৫), শামীম (৪০), লিটন (৫৫) এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মুক্তিযোদ্ধার অনশনের বিষয়ে জানতে জেলা প্রশাসক চৌধুরী আশরাফ করিমের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি।