কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ কম থাকবে। এ সময়ে সারা দেশে গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
রবিবার (১ নভেম্বর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি জানায়, ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, বর্তমানে জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহের পরিমাণ ৯২০ মিলিয়ন ঘনফুট। রক্ষণাবেক্ষণ চলাকালে তা কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াতে পারে। অর্থাৎ এ সময়ে দৈনিক সরবরাহ ৩২০ মিলিয়ন ঘনফুট কমে যাবে।
এর ফলে নির্ধারিত সময়জুড়ে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। এতে সাময়িকভাবে গ্যাস ব্যবহারে অসুবিধার মুখে পড়তে পারেন গ্রাহকেরা।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরেও সামিট এলএনজি টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।