বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের অংশগ্রহণে সোমবার (২ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ আয়োজন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। বিশেষ অতিথি থাকবেন মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম। মুখ্য আলোচক হিসেবে থাকবেন সরকারি সংগীত কলেজের অধ্যাপক ড. আলেয়া পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ হারুন-অর-রশীদ।
অনুষ্ঠানে সমবেত ও একক নৃত্য, সংগীত এবং আবৃত্তি পরিবেশিত হবে। শুরুতে সুইড বাংলাদেশের শিল্পীরা রেশমী আবেদীনের পরিচালনায় ‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি’ শিরোনামে সমবেত নৃত্য পরিবেশন করবেন। এরপর একক সংগীত পরিবেশন করবেন চুয়াডাঙ্গার জেলা কালচারাল অফিসার সুজন রহমান। ল্যাবরেটরি মডেল স্কুলের শিল্পীরা অমিত হাসানের পরিচালনায় পরিবেশন করবেন ‘এই রাঙামাটির পথে লো’ শিরোনামে সমবেত নৃত্য।
এ ছাড়া শারমিন আক্তার শিকু ও সায়মা শারমিন ইমা একক সংগীত পরিবেশন করবেন। ইমপ্রেশন ওয়েলফেয়ার সোসাইটির শিল্পীরা রাফিয়া খন্দকারের পরিচালনায় সমবেত নৃত্য পরিবেশন করবেন। শান্ত রহমান একক সংগীত এবং শাহিন রেজা রাসেল আবৃত্তি পরিবেশন করবেন। সবশেষে হাসানের পরিচালনায় উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিল্পীরা সমবেত নৃত্য পরিবেশন করবেন। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।