যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচ শহরে একটি যাত্রীবাহী ব্যক্তিগত জেট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ সময় উড়োজাহাজের চালকসহ ৯ আরোহীর নিহত হয়েছেন।
রবিবার (১ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি সড়কে আছড়ে পড়ার পর আগুনের গোলায় পরিণত হয়। তবে অল্পের জন্য বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় আশপাশের বাড়িঘর।
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিধ্বস্ত বিমানটি ছিল দুই ইঞ্জিনবিশিষ্ট লিয়ারজেট ৬০। এটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামাসের উদ্দেশে যাত্রা করেছিল। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে খাড়াভাবে নিচের দিকে নেমে আসছে। এরপর মিলিটারি ট্রেইল ও টেনথ অ্যাভিনিউ নর্থের সংযোগস্থলের কাছে সড়কে আছড়ে পড়ে। মুহূর্তেই বিকট বিস্ফোরণ ঘটে এবং চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় ও স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা। তারা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করার কাজ শুরু করেন। উদ্ধার অভিযান ও তদন্তের স্বার্থে আশপাশের সড়কে উভয় দিকের যান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
বিমানটির গতিবিধি বিশ্লেষণে অস্বাভাবিক দ্রুতগতিতে নিচে নেমে আসার তথ্য পাওয়া গেছে। তবে কী কারণে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সিএনএনের বর্ণনা অনুযায়ী, বিমানবন্দরের সঙ্গে পাইলটের যোগাযোগের অডিওতে প্রথমে বিমানে হালকা ও স্বচ্ছ বরফ জমার কথা জানানো হয়। পাইলটের ভাষ্য অনুযায়ী, তখন পরিস্থিতি নিয়ন্ত্রণযোগ্য ছিল। এছাড়া তিনি মাঝারি মাত্রার ঝাঁকুনির কথাও জানান।
পরে বৃষ্টিপাতের কথা উল্লেখ করে আরও ওপরে ওঠার অনুমতি চান পাইলট। একপর্যায়ে তিনি জরুরি পরিস্থিতি ঘোষণা করেন। এরপর বিমানের অতিরিক্ত গতি এবং প্রতি মিনিটে ২০ হাজার ফুট নিচে নেমে যাওয়ার তথ্য জানান বলে অডিওর বরাতে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।