বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা এবং সেগুলোর মধ্যে পাঁচটির নিবন্ধন বৈধভাবে নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের আজগুবি, ডাহা মিথ্যা, বানোয়াট এবং ব্যাঙ্গাত্মক ও হাস্যকর বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জামায়াত।
দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ১ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের বলেন, আজ ১ নভেম্বর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকার যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন, আজগুবি, ডাহা মিথ্যা ও বানোয়াট। এ ধরনের দায়িত্বশীল পদে থেকে কোনো প্রকার তথ্য-প্রমাণ ছাড়াই একজন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতার বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়া অনভিপ্রেত ও দায়িত্বজ্ঞানহীন।
তিনি আরও বলেন, কিছুদিন আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকও অনুরূপ মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য দিয়েছিলেন। তখন আমরা এর প্রতিবাদ ও চ্যালেঞ্জ জানিয়ে স্পষ্টভাবে বলেছিলাম, তাদের কাছে এ ধরনের অভিযোগের কোনো তথ্য-প্রমাণ থাকলে তা জনসমক্ষে উপস্থাপন করুন। কিন্তু আজ পর্যন্ত তাঁরা কোনো প্রমাণ দিতে পারেননি। এখন প্রতিমন্ত্রীও একই ধরনের ভিত্তিহীন বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছেন। জাতি তাদের কথা বিশ্বাস করে না।
তিনি বলেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলছি- মিয়া গোলাম পরওয়ারের নামে ৭০০টি ই-রিকশা থাকা তো দূরের কথা, তার নামে একটি রিকশাও নেই। দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে এ ধরনের মনগড়া বক্তব্য কোনোভাবেই কাম্য নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তথ্য-প্রমাণহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।
একই সঙ্গে প্রতিমন্ত্রী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের প্রতি আহ্বান জানাচ্ছি, তাদের বক্তব্যের স্বপক্ষে সুনির্দিষ্ট ও গ্রহণযোগ্য তথ্য-প্রমাণ থাকলে তা অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করুন। অন্যথায় এ ধরনের মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে দুঃখ প্রকাশ করুন।