পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১০ ডাইং-ওয়াশিং কারখানার কার্যক্রম বন্ধ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট পরিচালনা করে ১০টি ডাইং ও ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সোমবার (২ নভেম্বর) হাজী আব্দুল বারেক রোড, আগানগর এলাকায় পরিবেশ অধিদপ্তর, ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নুর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ ও রীমা ওয়াশিং নামের মোট ১০টি কারখানার বিরুদ্ধে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়। এ সময় কারখানাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. হাবিবুর রহমান। অভিযানে উপস্থিত থেকে সার্বিক নির্দেশনা প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মাহবুব জামিল ও উপপরিচালক মো. সৈয়দ আহমেদ কবির।

এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ইলিয়াস মাহমুদ। মোবাইল কোর্ট পরিচালনায় নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড ও কেরানীগঞ্জ থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত সহযোগিতা প্রদান করে।

পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।