বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ আদায়ের অভিযোগে জারি করা রুলের শুনানি আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন। রিট আবেদনকারীর পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব।
এর আগে বিকাশ, নগদ ও রকেটসহ এমএফএস প্রতিষ্ঠানগুলোর ইচ্ছামতো অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় কেন অবৈধ, অসাংবিধানিক ও আইনবহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
একই সঙ্গে দরিদ্র ও ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষের জন্য সাশ্রয়ী ও যৌক্তিক সেবা মূল্য নির্ধারণের পাশাপাশি গ্রাহকের অধিকার রক্ষা এবং প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করতে স্বতন্ত্র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আইন প্রণয়ন করা হবে না কেন, রুলে তা-ও জানতে চাওয়া হয়।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন। এতে অর্থসচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নরসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, এমএফএস প্রতিষ্ঠানগুলোর সার্ভিস চার্জের বিষয়টি চ্যালেঞ্জ করে আইনজীবী ওবায়দুল্লাহ আল মামুন সাকিব নিজেই হাইকোর্টে রিট আবেদনটি করেন।