‘নগদ’ পরিচালনায় প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে করা রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। এ সংক্রান্ত রুলের ওপর শুনানি শেষে আজ রবিবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। ফলে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’এ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রশাসক নিয়োগের বিষয়টি বৈধ বলে স্বীকৃতি পেয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের আইনজীবীরা।
গত বছরের ২১ আগস্ট ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা ‘নগদ’এ চট্টগ্রাম অফিসের পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদারকে এক বছরের জন্য প্রশাসক নিয়োগ দিয়ে অভ্যন্তরীণ আদেশ জারি করে বাংলাদেশ ব্যাংক। এ নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে নগদের স্বতন্ত্র পরিচালক মো. শাফায়েত আলম গত বছরের ২ সেপ্টেম্বর এ রিট আবেদনটি করেন। পরে ১৭ সেপ্টেম্বর প্রাথমিক শুনানি নিয়ে ‘নগদে’প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে রুল দেয় হাইকোর্ট। রুল বিচারাধীন অবস্থায় রিটকারী পক্ষের সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৮ ডিসেম্বর হাইকোর্ট প্রশাসকের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনায় পক্ষগুলোকে অন্তর্বর্তী সময়ের জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেয়। এর ধারাবাহিকতায় রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে এ রায় হলো।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জমির উদ্দিন সরকার, মোস্তাফিজুর রহমান খান এবং আইনজীবী আবুল কালাম খান দাউদ ও মো. জামিলুর রহমান। বাংলাদেশ ব্যাংকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী বি এম ইলিয়াস কচি ও আইনজীবী সাইফুল ইসলাম।
অ্যাডভোকেট বি এম ইলিয়াস কচি দেশ রূপান্তরকে বলেন, গত বছরের ২১ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে নগদে কিছু অনিয়ম পাওয়া যায়। তখন আইন অনুসরণ করেই তারা (বাংলাদেশ ব্যাংক) প্রশাসক নিয়োগ দিল। রিট আবেদনকারীকে কোনো নোটিশ দেওয়া হয়নি বলে রিটকারীপক্ষের দাবি সঠিক নয়। কেননা নগদ ডাক বিভাগের এজেন্ট, রিট আবেদনকারীর সংক্ষুব্ধতা থাকলে তিনি ডাক বিভাগে আবেদন করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। যে কারণে রিট আবেদনকারীর কোনো লোকাস স্ট্যান্ডি (এখতিয়ার) এখানে নেই।’
এ আইনজীবী আরও বলেন, ‘আদালত বলেছেন, নগদ ডাক বিভাগের এজেন্ট এবং গ্রাহকের স্বার্থে আইন বাস্তবায়ন করেই বাংলাদেশ ব্যাংক সেখানে প্রশাসক নিয়োগ দিয়েছে। রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তা খারিজ করেছেন হাইকোর্ট। ফলে নগদে প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই।
বোনের পর চিকিৎসাধীন ভাইয়ের মৃত্যু
নিখোঁজের তিনদিন পর হাসপাতালের মর্গে মিলল ব্যবসায়ীর দ্বিখণ্ডিত লাশ