ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নেশার টাকা না পেয়ে মারুফা আক্তার (৪৫) নামে এক নারীকে তার স্বামী হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিরাসার গ্রামের একটি বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মারুফা সদর উপজেলার উলচাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে। অভিযুক্ত স্বামী কুদ্দুস মিয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। এক মাস আগে তাদের বিয়ে হয়। মারুফা ছিলেন কুদ্দুসের তৃতীয় স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুদ্দুস মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। রবিবার রাতেও তিনি মারুফার কাছে টাকা চান। টাকা দিতে রাজি না হওয়ায় তাকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

সোমবার সকালে ঘরের ভেতর থেকে মারুফার কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়রা খোঁজ নিতে যান। একপর্যায়ে মুঠোফোনের রিংটোন শুনে ঘরে প্রবেশ করে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।