ফাজিল-কামিল মাদ্রাসা: গভর্নিং বডির কমিটি বাতিল হাইকোর্টে স্থগিত

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি বা অ্যাডহক কমিটি বাতিল করে দেওয়া অফিস আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার (২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী পারভেজ হোসেন। তবে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হতে পারে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৯ অক্টোবর একটি অফিস আদেশ জারি করে। আদেশে বলা হয়, গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি/অ্যাডহক কমিটি বাতিল করা হলো।