ভারতের মণিপুরে নতুন সহিংসতায় নিহত পাঁচ

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে জাতিগত সহিংসতা ছড়িয়ে পড়েছে। আলাদা দুই ঘটনায় রাজ্যটিতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত শনিবার রাজ্যের নোনে জেলায় অজ্ঞাত সশস্ত্র দুর্বৃত্তদের মধ্যে গোলাগুলির ঘটনায় কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন। একই সম্প্রদায়ের আরও দুজন চলতি সপ্তাহের শুরুতে নিখোঁজ হয়েছিলেন। নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান চালানোর পর গত রবিবার কাংপোকপি জেলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে দ্বিতীয় বিবৃতিতে জানিয়েছে পুলিশ।

রয়টার্স জানিয়েছে, কুকিদের একটি সংগঠন এ ঘটনার জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে। এই হত্যাকাণ্ডের ঘটনা এমন সময়ে ঘটল, যখন কুকি সশস্ত্র গোষ্ঠী ও ভারত সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাতিলের দাবিতে রাজ্যের রাজধানী ইম্ফলসহ অন্য এলাকায় লাখ লাখ মানুষ গণবিক্ষোভে অংশ নিচ্ছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের দুর্গম এই রাজ্যে জাতিগত আবাসভূমির ওপর পাল্টাপাল্টি দাবির জেরে খ্রীস্টান প্রধান কুকি ও নাগা জাতিগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাতের ইতিহাস আছে। কুকি সম্প্রদায় ইতিমধ্যে হিন্দু প্রধান মেইতেই সম্প্রদায়ের সঙ্গে সংঘাতে জড়িয়ে আছে। ২০২৩ সালে মে’তে অর্থনৈতিক সুবিধা ও চাকরির কোটা নিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়।