আজ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য এই নির্বাচন এক অগ্নিপরীক্ষা হয়ে উঠেছে। দ্বিতীয় দফায় হোয়াইট হাউজে ফেরার পর থেকে বিভিন্ন বিতর্কিত সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা যেকোনো সময়ের তুলনায় তলানিতে নেমেছে। বিশেষ করে ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম রেকর্ড পরিমাণ বাড়ায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে অসন্তোষ তীব্র হয়েছে। এবারের ভোট শুধু কংগ্রেসের আসন দখলের লড়াই নয়, ট্রাম্পের নেতৃত্ব ও তার প্রশাসনের কর্মকাণ্ডের প্রতি ভোটারদের সমর্থন যাচাইয়েরও একটি পরীক্ষা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চার বছর মেয়াদের ঠিক মাঝপথে অনুষ্ঠিত হয় বলে এই নির্বাচনকে মধ্যবর্তী নির্বাচন বলা হয়। এবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সবকটি (৪৩৫টি) আসন এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ফ্লোরিডা ও ওহাইও অঙ্গরাজ্যে যথাক্রমে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের শূন্য ঘোষিত আসনে উপ-নির্বাচনও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া ৩৬টি রাজ্যের ভোটাররা তাদের গভর্নর নির্বাচনের জন্যও ভোট দেবেন। কংগ্রেস ও গভর্নর পদ ছাড়াও এই নির্বাচনে ভোটাররা অঙ্গরাজ্যগুলোর আইনসভার প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদেরও নির্বাচিত করবেন। বর্তমানে কংগ্রেসের দুটি কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। এর যেকোনো একটি কক্ষে হারলে, ট্রাম্প প্রশাসনের জন্য আইন পাস করা কঠিন হয়ে পড়বে। আর ডেমোক্র্যাটরা বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তদন্ত শুরুর ক্ষমতা পেয়ে যাবে। হাউজ অব রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতার জন্য কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জিততে হয়। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের রয়েছে ২১৮টি আসন এবং ডেমোক্র্যাটদের ২১৪টি। একজন স্বতন্ত্র সদস্য রিপাবলিকানদের সঙ্গে জোটবদ্ধ আছেন এবং ২টি আসন বর্তমানে শূন্য রয়েছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ- সিনেট। প্রতিটি রাজ্য থেকে দুইজন করে মোট ১০০ জন সিনেটর নির্বাচিত হন। তারা ছয় বছরের মেয়াদে নির্বাচিত হন এবং প্রতি দুই বছর পরপর প্রায় এক-তৃতীয়াংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে যাওয়া ৩৫টি আসনের মধ্যে ২২টি বর্তমানে রিপাবলিকানদের এবং ১৩টি ডেমোক্র্যাটদের দখলে। বর্তমানে সিনেটে রিপাবলিকানদের সদস্য সংখ্যা ৫৩। ডেমোক্র্যাটদের সদস্য ৪৫ জন, আর তাদের সমর্থক ২ জন স্বতন্ত্র সদস্যসহ মোট আসন ৪৭টি। ফলে প্রতিনিধি পরিষদে নিয়ন্ত্রণ পেতে ৩টি এবং সিনেটে ৪টি অতিরিক্ত আসন প্রয়োজন ডেমোক্র্যাটদের। অন্যদিকে, সিনেটে ৫০-৫০ আসন ব্যবধান হলেও রিপাবলিকানদের নিয়ন্ত্রণ বহাল থাকবে।