ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় তিনজন নিহত হলেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। সোমবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল মিয়ার ছেলে এজাজুল মিয়া (২০) এবং নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাৎ সরকারের ছেলে স্বাধীন সরকার (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন আলী (২১)। সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান। আহত হলেন, নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০) ।
এর আগে আহত দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয়ভাবে জানা গেছে, সোমবার রাতে দুটি মোটরসাইকেলে করে চার তরুণ ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় ঘুরতে যান। এ সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হন। অপর মোটরসাইকেল দুই আরোহী গুরুতর আহত হন।
পরে তাদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মারাত্মকভাবে আহত ভাঙ্গার রাজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ জানান, ভাঙ্গা গোলচত্বর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে একই দুর্ঘটনায় মধ্যরাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি।