ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। 

সোমবার (২ নভেম্বর) রাত ৭টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি এলাকার দুলাল মিয়ার ছেলে এজাজুল মিয়া (২০) এবং নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাৎ সরকারের ছেলে স্বাধীন সরকার (২০)।

আহতরা হলেন নগরকান্দার জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে নাসিম মাতুব্বর (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন আলী (২১)। তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার পর দুটি মোটরসাইকেলে করে চার তরুণ ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় ঘুরতে যান। এ সময় দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলচালক ঘটনাস্থলেই নিহত হন। অপর দুই আরোহী গুরুতর আহত হন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, এ দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত