মৌসুমীর জন্মদিনে ওমর সানীর মন্তব্য

‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার তুমি’

আজ ৩ নভেম্বর চিত্রতারকা আরিফা জামান মৌসুমীর জন্মদিন। তবে টানা ৪ বছর ধরে স্বামী ওমর সানীকে ছাড়াই বিশেষ দিনটি পালন করছেন প্রিয়দর্শিনী’খ্যাত এই অভিনেত্রী। কারণ ওমর সানীকে দেশে রেখে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মৌসুমী। এরইমধ্যে তিনি সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও পেয়েছেন। জন্মদিনে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে তাকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বলে আখ্যা দিয়েছেন ওমর সানী। আজ মঙ্গলবার ফেসবুকে স্ত্রীর একটি ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান ওমর সানী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি...।’

স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশের পাশাপাশি বাংলা চলচ্চিত্রে মৌসুমীর অবস্থান নিয়েও নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ওমর সানী। তাঁর এই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আরেকটি ফেসবুক পোস্টে মৌসুমীর জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ আয়োজনের কথা জানান ওমর সানী। মৌসুমীর সুস্থতা, ভালো থাকা ও সম্মানজনক জীবনের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, ‘৩ নভেম্বর প্রিয়দর্শিনী মৌসুমীর জন্মদিন আলহামদুলিল্লাহ। আমার দোয়া আল্লাহ তোমাকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সম্মানের সাথে রাখুন। আমার পরিবারের তাজ হয়ে থাকো।’