নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশ না থাকায় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের ৫৬৮নং কোড়ঃ আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্রটি স্থগিত করে অন্যত্র এটিকে স্থানান্তরিত করা হয়েছে।
উক্ত মাদরাসায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষের পরীক্ষা চলমান ছিল।
সোমবার (২ নভেম্বর) তারিখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।
ঐ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশ না থাকায় ‘আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদরাসার’ (কেন্দ্র কোড: ৫৬৮) পরীক্ষা কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। আগামী ০৫/১১/২০২৬ খ্রি. হতে পরবর্তী সকল পরীক্ষা ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদরাসায় (কেন্দ্র কোড: ৫৬৭)-এ অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের দ্রুত বিষয়টি আবশ্যিকভাবে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদরাসার ও তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদরাসার পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি, তপশীলী, অলিখিত উত্তরপত্র, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র, আয়-ব্যয় হিসাব এবং অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদরাসার নিকট আগামী ০৩/১১/২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এবং একই বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিস ভাণ্ডারিয়া, পিরোজপুরের স্মারকের প্রেক্ষিতে এবং ভাইস চ্যান্সেলর এর অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
এবিষয়ে আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দল্লাহ মাহমুদ তালুকদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্র স্থগিত বা স্থানান্তরিত হওয়ার বিষয়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুকে) দেখেছি। কিন্তু অফিসিয়ালি কোন চিঠি এখনও পাইনি, তবে এটি উদ্দেশ্য মূলক।
তিনি দাবি এই কেন্দ্রে সন্তানসম্ভাবা নারী পরীক্ষার্থীসহ প্রায় ৩শত (নারী-পুরুষ)পরীক্ষার্থী আছে। তাদের প্রায় ১৫কিলোমিটার দুরত্বে গিয়ে পরীক্ষায় অংশ গ্রহণে অনেক ক্ষতির মুখে পড়তে হবে।
এবিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান জানান, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য শতভাগ নকলমুক্ত, স্বচ্ছ এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই এই কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সার্বিক তদারকি চালিয়ে যাচ্ছে।