গাজীপুরে থানা ঘেরাওয়ের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানায় হামলা ও ঘেরাওয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে বিক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরের কাশিমপুর এলাকার ডিবিএল কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন। খবর পেয়ে কাশিমপুর থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করার ও পরিস্থিতি বোঝানোর চেষ্টা চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা আরও চড়াও হন।
 
এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন এবং একপর্যায়ে পুলিশকে ধাওয়া দেন। শ্রমিকদের তোপের মুখে পুলিশ সদস্যরা পিছু হটে দৌড়ে থানায় ফিরে আসেন।

এদিকে পিছু ধাওয়া করে বিক্ষুব্ধ শ্রমিক ও আন্দোলনকারীরাও থানা চত্বর ও এর আশপাশের এলাকায় চলে আসেন। থানা ঘেরাওয়ের চেষ্টা চালিয়ে তারা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুঁড়তে থাকেন।
 
পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করলে থানা রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ বাধ্য হয়ে বেশ কয়েকটি টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার পর থেকে থানা ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কাশিমপুর থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, ‘অনেক কিছুই ঘটেছে এই মুহূর্তে কিছু বলতে পারছি না। তবে বর্তমানে শ্রমিকরা চলে গেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কারখানা এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুনরায় যাতে কোনো উত্তেজনার সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।