গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ

‘আজ এখন পর্যন্ত ৫০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে।’

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ এএম

গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও মহাসড়কে নেমেছে শ্রমিকরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে যানচলাচল স্বাভাবিক থাকলেও সকাল পৌনে ১০টার পর থেকে যানচলাচল বন্ধ রয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়৷ এ সময় তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করায় যান চলাচল বন্ধ হয়ে যায়৷ অপরদিকে মহানগরীর কোনাবাড়ী ও মৌচাকে একাধিক স্থানে শ্রমিকরা মহাসড়কে নেমেছে। তবে কালিয়াকৈরের পল্লিবিদ্যুৎ এলাকায় অন্যান্য দিনের মত অবরোধ না থাকলেও থমথমে পরিবেশ বিরাজ করছে৷ 

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় ২৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিতে দেখা গেছে৷ 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কিছু যায়গায় শ্রমিক আন্দোলন হচ্ছে। আজ এখন পর্যন্ত ৫০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। নাওজোর এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা চলমান রয়েছে।

 

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন যাবত গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকরা বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আসছিল। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়াও পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত