গোপন ছবি ফাঁসে ক্ষুব্ধ টেইলর

নানা সতর্কতার পরও বিয়ের অপ্রকাশিত ছবি অনলাইনে ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট। কে বা কারা এই ছবি ফাঁস করেছেন, তা জানতে ব্যক্তিগত তদন্তকারী (প্রাইভেট ইনভেস্টিগেটর) নিয়োগের কথাও ভাবছেন তিনি। 

গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে বিয়ের আয়োজন করেন টেইলর ও ট্র্যাভিস। অনুষ্ঠানটি একান্ত ব্যক্তিগত রাখতে শুরু থেকেই কঠোর গোপনীয়তা বজায় রেখেছিলেন তারা। কিন্তু গত ২৬ অক্টোবর ডেইলি মেইলে বিয়ের আগে প্রকাশ্যে না আসা কিছু ছবি প্রকাশিত হওয়ার পর নতুন করে আলোচনার সৃষ্টি হয়। 

স্টার ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ছবি ফাঁসের ঘটনায় মানসিকভাবে অস্বস্তিতে রয়েছেন টেইলর। তার সন্দেহ, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের কোনো কর্মী কিংবা অনুষ্ঠানটির প্রযোজনা দলের কেউ ছবিগুলো বাইরে প্রকাশ করেছেন। বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে খোঁজখবর নিচ্ছেন তিনি। প্রয়োজনে ব্যক্তিগত তদন্তকারী নিয়োগ করে তথ্য ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে চান এই গায়িকা। 

প্রতিবেদনে উদ্ধৃত এক সূত্রের দাবি, টেইলর চেয়েছিলেন বিয়ের বিশেষ দিনটি কেবল তাদের দুজনের এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যেই সীমাবদ্ধ থাকুক। কিন্তু ছবি প্রকাশের পর সেই ব্যক্তিগত মুহূর্তের গোপনীয়তা আর অক্ষুণ্ন থাকেনি। এমনকি বিষয়টি নিয়ে তার ঘনিষ্ঠজনদের সঙ্গেও কথাবার্তায় অস্বস্তি তৈরি হচ্ছে।স্ত্রীকে মানসিকভাবে স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন ট্র্যাভিস কেলসি। সূত্রের দাবি, তিনি টেইলরকে বোঝাচ্ছেন, ছবি ফাঁস হলেও তাদের একসঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত ও স্মৃতিগুলো বদলে যাবে না। তবে বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না গায়িকা।