আবারও নিজের পরিবারের বিরুদ্ধে অভিযোগ তুললেন এক সময়ের তুমুল জনপ্রিয় পপগায়িকা ব্রিটনি স্পিয়ার্স। অভিযোগ পরিবারের প্রতিটি সদস্য হয়রানি ও দাসের মতো ব্যবহার করছেন তার সঙ্গে। নিজের ইনস্টাগ্রামে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করে দীর্ঘ একটি পোস্ট দেন তিনি।
সেখানে পরিবারের কাছ থেকে পাওয়া বিভিন্ন আচরণের কথা তুলে ধরে নিজের জন্য নতুন পরিবার খুঁজে নেওয়ার কথাও জানিয়েছেন এই গায়িকা। ব্রিটনি লিখেছেন, ‘আমি নতুন পরিবার খুঁজে নেব! কোভিডের সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলেও জেমি লিন আমাকে একবারের জন্যও আইভিকে কোলে নিতে দেয়নি। আর কেভিনের বাড়িতে সন্তানদের আনতে গেলে আমাকে বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না।’
তিনি আরও লেখেন, ‘তারা আমার সঙ্গে দাসের মতো আচরণ করেছে। আমার আড়ালে তারা অনেক কিছু করেছে, যা গোপন রেখেছে। অথচ আমি শুধু বাবার জন্য কাজই করে গেছি। আমি নতুন পরিবার খুঁজে নেব।’