‘জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন জনি ডেপ

 ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ কিস্তিতে আবারও ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন জনি ডেপ। দীর্ঘদিন ধরে নতুন সিনেমায় তার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা চললেও এবার নিজেই এ বিষয়ে মুখ খুলেছেন অভিনেতা। জানিয়েছেন, সিরিজটির সুন্দর সমাপ্তি নিশ্চিত করার সুযোগ থাকলে তিনি ফিরতে আগ্রহী। 

সম্প্রতি নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণার অংশ হিসেবে এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের আগ্রহের কথা জানান ডেপ। এ সময় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে কাজের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। 

ডেপ জানান, সিরিজটির শেষ পর্বকে আরও ভালোভাবে উপস্থাপনের পরিকল্পনা থাকলে তিনি এতে যুক্ত হতে চান। তার কথায়, ‘আমি সত্যিই শুধু চাই, তাদের একটি আরও ভালো সমাপ্তি উপহার দিতে।’ 

প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে কাজের বিষয়ে নিজের আস্থার কথাও জানিয়েছেন ডেপ। ব্রুকহাইমারের প্রতি তার পূর্ণ বিশ্বাস রয়েছে উল্লেখ করে অভিনেতা বলেন, তাদের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও গভীর সম্পর্ক রয়েছে। 

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন সিনেমায় ডেপের প্রত্যাবর্তন নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। জ্যাক স্প্যারো চরিত্রের চিত্রনাট্য পছন্দ হলে অভিনেতা আবারও অভিনয়ে ফিরতে পারেন বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন তিনি। তবে সে সময় সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছিল। 

২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পাঁচটি সিনেমায় ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে অভিনয় করেন জনি ডেপ। তার অভিনয়ের কারণে সিনেমাগুলো বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পাঁচটি সিনেমা মিলিয়ে আয় হয় ৪৫০ কোটি ডলারের বেশি।