ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় যুঁথি আক্তার (২২) নামে এক অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী জাকির হোসেন ও দেড় বছর বয়সী সন্তান জায়ান আহমেদ আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন বাসটিতে ভাঙচুর চালায়।

নিহত যুঁথি আক্তার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার মেয়ে। তিনি স্বামী ও সন্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী টি এ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পীরবাড়ি এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যুঁথি আক্তার, তাঁর স্বামী ও সন্তান আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যুঁথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।