মামলা করতে গিয়ে নিজেই কারাগারে ১৫ বছরের কিশোরী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভুয়া কাবিননামা দিয়ে মামলা দায়েরের দায়ে নুরহাত জাহান লিজা (১৫) নামে এক মামলার বাদিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১টার দিকে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এস এম গালিব হাসান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত নুরহাত জাহান লিজা উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইর আমবাড়ি গ্রামের হামিদুল সরকারের মেয়ে। সে সর্দার হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুর গ্রামের তৌফিকসহ তিনজনের বিরুদ্ধে গত ২১ সেপ্টেম্বর যৌতুক নিরোধ আইনে আদালতে একটি মামলা দায়ের করা হয়। প্রায় তিন মাস আগে দায়ের করা ওই মামলার শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার। শুনানির সময় আদালতে দাখিল করা কাবিননামাটি ভুয়া বলে প্রমাণিত হয়।

আদালতের সিএসআই শরীফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার বাদি ভুয়া কাবিননামা দিয়ে মামলা দায়ের করার কথা স্বীকার করায় বিচারক তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।