নারকেল তেল জমে গেলে কী করবেন

শীতে ত্বক এবং চুলের যত্নে নারকেল তেলের বিকল্প নেই। চুলের যাবতীয় সমস্যার সমাধান কিন্তু লুকিয়ে নারকেল তেলের মধ্যে। এদিকে শীতকালে এই তেল ব্যবহারে একটি বড় সমস্যা রয়েছে, আর তা হলো তাপমাত্রা কমে গেলেই এটি জমাট বেঁধে শক্ত হয়ে যায়। মূলত, নারকেল তেলে স্যাচুরেটেড ফ্যাটের মাত্রা বেশি বলে ২৪ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসেই জমে যায়। শীতের মৌসুমে নারকেল তেল জমে যাওয়ার কারণে, বোতল থেকে বের করা কঠিন হয়ে পড়ে। তবে এখন এই সমস্যা মোকাবিলার জন্য কিছু সহজ এবং কার্যকর ঘরোয়া সমাধান রয়েছে। এই ঘরোয়া উপায়ের সাহায্যে আপনি শীতকালেও কোনো সমস্যা ছাড়াই নারকেল তেল ব্যবহার করতে পারেন।

নারকেল তেল ঠান্ডা  জায়গায় রাখার পরিবর্তে, জানালার পাশে বা রোদ বেশিক্ষণ থাকে, এমন জায়গায় অথবা রান্নাঘরের চুলার আশপাশে রাখতে পারেন। এতে করে বোতলের ভেতরে জমে যাবে না এবং তাপ পেতে থাকলে তরল থাকবে। নারকেল তেল বারবার ব্যবহার করতে হয়, তাহলে নারকেল তেল অন্য যেকোনো তেলের সঙ্গে মিশিয়ে দিলে ভালো হবে। এতে করে নারকেল তেল জমাট বাঁধবে না। উদাহরণস্বরূপ, যদি আপনি চুলে ব্যবহার করেন, তবে এর সঙ্গে সর্ষের তেল বা আরগান তেল মিশিয়ে নিন। এই প্রতিকারে নারকেল তেল কখনই শক্ত হবে না। গরম পানির পাত্রে নারকেল তেলের বোতল কিছুক্ষণ ঢুবিয়ে রাখুন। ৫ থেকে ৬ মিনিটের মধ্যে তেলটি গলে যাবে এবং ত্বক বা চুলের জন্য ব্যবহার করতে পারবেন। যদি গরম পানিতে গোসল করেন এবং গোসলের পরে আপনার ত্বকে নারকেল তেল লাগাতে চান, তাহলে গোসলের আগে এক বালতি গরম পানি রাখুন এবং তারপর ব্যবহার করুন। যদি তেল খুব শক্ত হয়ে যায়, তাহলে যেকোনো তেল একটু গরম করে সাবধানে নারকেল তেলের বোতলে ঢেলে দিন। এভাবে তেল দ্রুত গলে যাবে এবং ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে যাবে। হেয়ার ড্রায়ার দিয়েও নারকেল তেল গলানো সম্ভব। এজন্য বোতলের মধ্যে হেয়ার ড্রায়ার দিয়ে গরম হাওয়া দিতে হবে বেশ কিছুক্ষণ। এতে তেল দ্রুত গলে যাবে।