নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে ১৬ লাখ শিশু-কিশোর

তৃণমূল পর্যায় থেকে নতুন ক্রীড়াপ্রতিভা তুলে আনতে আরও বড় পরিসরে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর। এবার দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর। আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ৫০৩টি উপজেলায় অনলাইনে সম্প্রচার করা হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।

গতকাল মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রথম আসর থেকে বাছাই করা ৪০ জন প্রতিভাবান খেলোয়াড়কে আগামী জানুয়ারিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) স্থায়ীভাবে ভর্তি করা হবে। তাদের পড়াশোনা ও খেলাধুলার যাবতীয় দায়িত্ব নেবে সরকার। এ সময় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহফুজুল আলম খান, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী ও পরিচালক (প্রশাসন) টিটন খিসা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় আসরে নিবন্ধিত প্রতিযোগীদের মধ্যে ৯ লাখ ৪৪ হাজার ৮৩৩ জন কিশোর এবং ৬ লাখ ৭৯ হাজার ১৩৫ জন কিশোরী। প্রথম আসরে আটটি ইভেন্ট থাকলেও এবার যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি খেলায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নতুন কুঁড়ির প্রথম আসরে অংশ নিয়েছিল প্রায় ১ লাখ ৬৮ হাজার শিশু-কিশোর। তাদের মধ্য থেকে ৩০৬ জনকে বিকেএসপিতে প্রশিক্ষণের জন্য বাছাই করা হয়। পরবর্তী সময়ে প্রশিক্ষণে অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে ৪০ জনকে (২৮ জন কিশোরী ও ১২ জন কিশোর) স্থায়ীভাবে ভর্তির জন্য নির্বাচন করা হয়েছে। আমিনুল হক বলেন, ‘প্রতিভাবান খেলোয়াড়দের হারিয়ে যেতে দিতে চায় না সরকার। তাদের যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষার সুযোগ দিয়ে ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনের পাইপলাইন সমৃদ্ধ করাই এই উদ্যোগের লক্ষ্য।’