নিজ পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যুর অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাহাঙ্গীর হোসেন তালুকদার নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে আশুগঞ্জ সার কারখানার দ্বিতীয় গেইট সংলগ্ন পুলিশ ক্যাম্পে এই ঘটনা ঘটে। 

নিহত জাহাঙ্গীর হোসেন তালুকদার (৫২) আশুগঞ্জ সার কারখানা পুলিশ ক্যাম্পের ইনচার্জ ছিলেন। তার বিপি নম্বর ৭৪৯১০৪১৮২১। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুর গ্রামের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ ক্যাম্পের নিজ কক্ষে কর্তব্যরত অবস্থায় নিজের পিস্তল দিয়ে মাথায় গুলি করেন জাহাঙ্গীর। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. জালাল উদ্দিন ফাহিম জানান, ঘটনার খবর পেয়ে জেলা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।