মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন: ডিএমপি যুগ্ম কমিশনার

ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ভারপ্রাপ্ত ক্রাইম ও প্রিভেনশন উত্তর) মো. মহিদুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) মিরপুরের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য দেন। এ সময় তিনি জানান,  শ্রমিকরা সড়কে নামতে পারেননি। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

মহিদুল ইসলাম বলেন, রাজধানীর মিরপুর-১, পল্লবী, রূপনগর, মিরপুর-১২ ও কাফরুল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাপকভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব মিলিয়ে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।  আন্দোলনের নামে যারা দেশকে অস্থিতিশীল করা, জনদুর্ভোগ সৃষ্টি, সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর এবং রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোমধ্যে এসব কর্মকাণ্ডে জড়িতদের অনেককে গ্রেপ্তার করে মামলা দেওয়া হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া যাবে, তাদের সবাইকে কঠোর আইনের আওতায় আনা হবে। 

এই কদিনে আন্দোলন-সহিংসতা ঘিরে কত সংখ্যক গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ মুহূর্তে সুনির্দিষ্ট সংখ্যা বলা যাচ্ছে না। অভিযান চলছে। কাউকে আটকের আগে জ্যেষ্ঠ কর্মকর্তাদের তদারকিতে যাচাই-বাছাই করা হচ্ছে।’

সহিংসতার যুক্ত ব্যক্তিদের সতর্ক করে এই কর্মকর্তা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা পুলিশের প্রধান দায়িত্ব। কারখানায় আগুন দেওয়া, গাড়ি ভাঙচুর ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না।