মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, মেট্রোরেল স্টেশন বন্ধ

মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে সংঘর্ষ চলায় এ স্টেশনের ভেতর আটকা পড়েছেন বহু যাত্রী।

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম

রাজধানীর মিরপুর-১১ তে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের কারণে মিরপুর মেট্রোরেল স্টেশন বন্ধ রয়েছে। এর আগে রবিবার (১ নভেম্বর) দুপুরে মিরপুরেই পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ১২টার দিকে সংঘর্ষের পর মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশনে ট্রেন চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সোয়া ১০টার দিকে মিরপুর ১১ তে সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা। তখন তাদের ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে।

এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। মিরপুর ১১ মেট্রো স্টেশনের নিচে সংঘর্ষ চলায় এ স্টেশনের ভেতর আটকা পড়েছেন বহু যাত্রী।

পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বলেন, সড়কে শ্রমিকদের অবরোধ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা চেষ্টা করছি। মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের মুখে দেশের প্রধান তিনটি শিল্পাঞ্চলে চরম শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবং শ্রমিকরা কাজ বন্ধ করে বের হয়ে যাওয়ায় রাজধানীর মিরপুর, গাজীপুর-ময়মনসিংহ এবং সাভার-আশুলিয়া-জিরানী অঞ্চলের ৬৭৯টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে কাজ না করেই কারখানা থেকে বাসায় ফিরে যেতে বাধ্য হয়েছেন ১৬ লাখ ৮০ হাজার ৫৭২ জন শ্রমিক। সোমবার বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত