ইকবাল সোবহান চৌধুরী আটক

দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে অবস্থিত ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।

আটকের পর ইকবাল সোবহান চৌধুরীকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল। তবে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।