সারাদেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গে ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু নথিভুক্ত হয়নি।
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার মাধ্যমে ৭৭ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে আরও ১ হাজার ৩২৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছে আরও ১০৫ শিশু।
অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয় শিশুর মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেট বিভাগের এবং একজন খুলনা বিভাগের। এর মধ্যে চারজনই ঢাকা জেলার বাসিন্দা।
এদিকে দেশে সন্দেহজনক হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। তাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে হাম নিশ্চিত হয়েছে ২৪ হাজার ১৫০ জনের। হাম ও এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।