মুন্সীগঞ্জের সিরাজদীখানে বাজার থেকে পাঁচটি টিয়াপাখি উদ্ধার করেছে বনবিভাগ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান পাখিগুলো অবমুক্ত করেন। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় সিরাজদিখান বাজারের সাপ্তাহিক হাট থেকে টিয়া পাখিগুলো উদ্ধার তরা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির খান জানান, বিভিন্ন হাটে দেশীয় বন্যপ্রাণী বিক্রি হচ্ছে কি না, তা নিয়মিত খোঁজখবর নেওয়া হয়। বুধবার সিরাজদীখান বাজারে সাপ্তাহিক হাট বসায় সেখানে গিয়ে খোঁজ নেওয়ার সময় এক বিক্রেতার কাছে পাঁচটি টিয়াপাখি পাওয়া যায়। পরে পাখিগুলো উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে গেলে তিনি পাখিগুলো অবমুক্ত করেন।
ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। বন্য পাখি ধরা, বিক্রি কিংবা খাঁচায় বন্দি রাখা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি পাখিদের মুক্তভাবে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে।