সিংগাইরে সড়কে গাছ বিক্রির অভিযোগ, ভূমি অফিসের বাধায় স্থগিত

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

মানিকগঞ্জের সিংগাইরে সড়কের পাশের বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের নেতা নেতা মহাসিন খানের বিরুদ্ধে। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি সিংগাইর-মানিকনগরথ সিরাজপুর সড়কের চান্দহর ইউনিয়নের বাঘুলি এলাকার সড়কে ১০টি গাছ কেটে ফেলের পর আরও ৪১টি গাছ কাটার প্রস্তুতি চলছে অভিযোগে জানা গেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, সরকারি সড়কের পাশেই বড় আকারের ১০টি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। আরও ৪১টি গাছ কাটার প্রস্তুতির চলছে।

গাছের ক্রেতা চান্দহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মহাসিন খান রিপন বলেন, ওই এলাকার প্রবাসী সালামের কাছ থেকে ৫১টি গাছ ২ লাখ ৮০ হাজার টাকা দিয়ে কিনে নেয়া হয়েছে। সালাম দেশের বাইরে থাকায় তার বোন কুলসুম গাছ বিক্রির সমুদয় টাকা নিয়েছেন বলে জানান তিনি।

তবে স্থানীয়রা জানান, শুরুতে স্থানীয় সিদ্দিক শেখের সঙ্গে গাছগুলো কাটা নিয়ে বিরোধ হলে উত্তেজনা শুরু হয়। পরে বিষয়টি মীমাংসা হওয়ায় বাধাহীনভাবে গাছগুলো কেটে নেয়া হচ্ছে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা ও তোপের মুখে রাস্তার পাশের গাছ সরকারি দাবি করে স্থানীয় ভূমি অফিসের পক্ষ থেকে বাধা দেয়া হয়েছে বলে জানা গেছে।

চান্দহর ইউনিয়ন উপ-সহকারী (ভূমি) কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, সরকারি গাছ কাটার খবর পেয়ে বাধা দেয়া হয়েছে। কেটে রাখা গাছগুলো জব্দ করা হয়েছে বলে দাবি করেন তিনি।

সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির বলেন, গাছ কাটতে নিষেধ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ সর্বাধিক পঠিত