কুমিল্লার মুরাদনগরে দরিকান্দি-ভাগলপুর সড়কের নির্মাণকাজে ব্যবহারের জন্য রাখা নিম্নমানের ও ত্রুটিপূর্ণ ইট অপসারণের নির্দেশ দিয়েছেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ। তার নির্দেশনায় বুধবার (৪ নভেম্বর) ঠিকাদারের প্রতিনিধিদের উপস্থিতিতে সড়কের পাশ থেকে এসব ইট সরিয়ে নেওয়ার কাজ চলছে।
স্থানীয় ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় তিন কিলোমিটার দীর্ঘ সড়কটির ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ মিটার পর্যন্ত মেকাডাম কাজ সম্পন্ন হয়েছে। এ পর্যায়ে সড়কের কয়েকটি স্থানে সিসি ঢালাইয়ের কাজে ব্যবহারের জন্য নিম্নমানের ও বৃষ্টির পানিতে ভিজে ক্ষতিগ্রস্ত ইট রাখা হয়েছিল। এ ছাড়া কিছু দুর্বল ইট সড়কের পাশে স্তূপ করে রাখা হয়।
বিষয়টি উপজেলা প্রকৌশলীর নজরে এলে তিনি দ্রুত এসব ত্রুটিপূর্ণ নির্মাণসামগ্রী অপসারণের নির্দেশ দেন। পরে ঠিকাদারের লোকজন সড়কের পাশ থেকে ইটগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন।
উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ বলেন, সড়কের নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কাজে ব্যবহারের জন্য রাখা নিম্নমানের ও ত্রুটিপূর্ণ ইট অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত মান অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করতে ঠিকাদারকে নির্দেশনা দেওয়া হয়েছে। কাজের প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী এক থেকে দুই দিনের মধ্যে সব ত্রুটিপূর্ণ ইট অপসারণ করে মানসম্মত নির্মাণসামগ্রী দিয়ে কাজ চালিয়ে নেওয়া হবে।
উপজেলা প্রকৌশলীর এমন কঠোর পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এমন নজরদারির মাধ্যমেই একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সড়ক নির্মাণ নিশ্চিত হবে, যা দীর্ঘমেয়াদে এলাকার সেবাগ্রহীতাদের উপকারে আসবে।