রোবোটিক সার্জারির ওপর উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। চীনের সাংহাইয়ে অবস্থিত পুডং গংলি হাসপাতালে গত ২৫ থেকে ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণে তিনি আধুনিক রোবোটিক সার্জারির প্রযুক্তি, ব্যবহারিক প্রয়োগ ও উন্নত অস্ত্রোপচার পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেন।
প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় পুডং গংলি হাসপাতাল কর্তৃপক্ষ প্রশিক্ষণের সনদপত্র বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করে। এর ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের হাতে সনদপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে চলতে নতুন প্রযুক্তি গ্রহণ ও এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে রোবোটিক সার্জারি অস্ত্রোপচার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। এ প্রযুক্তির মাধ্যমে আরও সূক্ষ্ম, নির্ভুল ও আধুনিক অস্ত্রোপচার সম্ভব।
তিনি বলেন, বাংলাদেশে রোবোটিক সার্জারির যাত্রা শুরু হওয়া চিকিৎসাব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি। তবে শুধু অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন করলেই হবে না, সেগুলো পরিচালনার জন্য দক্ষ জনবলও তৈরি করতে হবে। এ জন্য চিকিৎসকদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানো প্রয়োজন।
উপাচার্য আরও বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় চিকিৎসাসেবার পাশাপাশি আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রযুক্তির প্রয়োগেও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চায়। এ লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা ও জ্ঞান বিনিময় জোরদার করা প্রয়োজন। চীনের পুডং গংলি হাসপাতালের সঙ্গে এ ধরনের প্রশিক্ষণ ও সহযোগিতা দুই দেশের চিকিৎসা ও চিকিৎসাশিক্ষা খাতের সম্পর্ক আরও সমৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক চিকিৎসাপ্রযুক্তির সুফল যেন দেশের সাধারণ মানুষও পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। দক্ষ জনবল তৈরি, গবেষণা, প্রযুক্তির কার্যকর ব্যবহার ও আন্তর্জাতিক সহযোগিতার সমন্বয়ে দেশে রোবোটিক সার্জারির বিকাশ সম্ভব।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং সনদ হস্তান্তরের আয়োজন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা দেশের চিকিৎসা শিক্ষা ও আধুনিক অস্ত্রোপচার চিকিৎসার উন্নয়নে কাজে লাগাতে চান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ইরতেকা রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, চিকিৎসক ও শিক্ষকরা।