চট্টগ্রাম নগরের বিবিরহাট কাঁচাবাজারে এক বৃদ্ধের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় ১২ দিন পর মো. হাবিবুল্লাহ খাঁন মানিক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাতে বাকলিয়া থানাধীন ইছাকের পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।
পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে বিবিরহাট কাঁচাবাজার রোডের সলিমুল্লাহ শাহ মসজিদসংলগ্ন সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী এস এম রফিকুল ইসলাম (৫৭) আতুরার ডিপো এলাকার খাজা ফার্মেসির মালিক।
ঘটনার রাতে দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে একটি অটোরিকশা থেকে দুই ব্যক্তি নেমে তাকে ধারালো ছোরা দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তার কাঁধে থাকা কালো রঙের ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যান তারা। ব্যাগে একটি ব্যবহৃত অ্যান্ড্রয়েড মুঠোফোন ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।
ছিনতাইয়ের এ ঘটনা ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী পাঁচলাইশ থানায় মামলা করেন।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ছিনতাইয়ের ঘটনায় হাবিবুল্লাহর সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে আরও চারটি মামলার তথ্য পেয়েছে পুলিশ।