‘নসিব’ খলনায়ক মুকেশ ঋষি এ মাসেই আসছেন ঢাকায়

বলিউডের পর্দায় অমিতাভ বচ্চন, সালমান খান ও আমির খানের বিপরীতে খলচরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অভিনেতা মুকেশ ঋষি। এবার প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। মোহাম্মদ ইকবাল পরিচালিত ‘নসিব’ সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। সিনেমাটিতে অভিনয়ের জন্য চলতি মাসেই বাংলাদেশে আসছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি জানান, ‘নসিব’-এ গুরুত্বপূর্ণ একটি খলচরিত্রে অভিনয় করবেন মুকেশ ঋষি।

পরিচালক আরও জানান, সিনেমাটির প্রথম লটের শুটিং কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে দ্বিতীয় লটের কাজ। এ জন্য শুটিং ইউনিট বগুড়ায় যাচ্ছে। আগামী ৯ নভেম্বর থেকে সেখানে দৃশ্যধারণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। এই পর্বের শুটিংয়েই অংশ নেবেন মুকেশ ঋষি।

তিন দশকের বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে কাজ করছেন মুকেশ। হিন্দির পাশাপাশি তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম ও পাঞ্জাবি ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। অমিতাভ বচ্চনের সঙ্গে ‘সূর্যবংশম’, ‘লাল বাদশাহ’ ও ‘কোহরাম’ তার উল্লেখযোগ্য সিনেমা। সালমানের সঙ্গে ‘জুড়ওয়া’, ‘বন্ধন’ ও ‘গর্ব : প্রাইড অ্যান্ড অনার’ এবং আমিরের ‘সারফারোশ’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘গু-া’ সিনেমায় বুল্লা চরিত্রেও দর্শকের নজর কাড়েন।