‘অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান’

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্রবাসী বাঙালিদের নাট্যসংগঠন গোল্লাছুটের প্রথম প্রযোজনা ‘অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান’-এর সফল মঞ্চায়ন হয়েছে। বিশ্বখ্যাত ব্রিটিশ রহস্যসাহিত্যিক আগাথা ক্রিস্টির কালজয়ী রহস্যনাটক অবলম্বনে নির্মিত প্রযোজনাটি গত ৩০ অক্টোবর ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে অবস্থিত কাবারলি থিয়েটারে মঞ্চস্থ হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন হুসাইনুল আবেদিন সাইমুম।

বে এরিয়ার বাঙালি শিল্পী, সংস্কৃতিকর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত নাটকটি দর্শকদের প্রশংসা অর্জন করে। অভিনয়ের পাশাপাশি আলোক পরিকল্পনা, শব্দ সংযোজন, মঞ্চসজ্জা, পোশাক ও রূপসজ্জার নান্দনিক সমন্বয় মুগ্ধ করে দর্শকদের।

প্রযোজনাটির সফল মঞ্চায়নে পরিচালক সাইমুমের পাশাপাশি জারিন টি. পুলাম, রাজা মিত্র, জো মিত্র, মাজহার ইসলামসহ অভিনয়শিল্পী ও নেপথ্যকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় অস্টিন থেকে ছুটে আসেন অভিনেতা সাজু খাদেম।

গোল্লাছুটের নির্মাতা হুসাইনুল আবেদিন সাইমুম বলেন, ‘প্রবাসে সবার পেশাগত ব্যস্ততার মধ্যে থিয়েটারের জন্য শিল্পী সংগ্রহ ছিল বড় চ্যালেঞ্জ। তবে উদ্যোগ নিতে গিয়ে দেখেছি, শিল্পমনা মানুষেরা এমন একটি প্ল্যাটফর্মের অপেক্ষায় ছিলেন। গোল্লাছুটের যাত্রা কেবল শুরু হলো। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা বাংলাদেশকে ধারণ করে এগিয়ে যেতে চাই।’

নিয়মিত নাট্যচর্চার পাশাপাশি প্রযোজনাটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ও বিশ্বের অন্যান্য দেশে মঞ্চস্থ করার পরিকল্পনা রয়েছে দলটির।

সর্বশেষ সর্বাধিক পঠিত