বলিউড সাড়া জাগাবে ৬ সিনেমা

বছরজুড়ে বলিউডের পর্দা মেতে ছিল বেশ কিছু মারদাঙ্গা, থ্রিলার কিংবা রোমান্স সিনেমা নিয়ে। বছরের শুরুতে ‘ধুরন্ধর ২’ দিয়ে বক্স অফিসে তোলপাড় ফেলে দেন রণবীর সিং। এরপর ‘বর্ডার ২, ‘দৃশম ৩’, ‘মারদানি ৩’ কিংবা ‘ককটেল’ ঝড় তোলে বক্স অফিসে। ২০২৬ সালের শেষ প্রান্তিকে দর্শকের বিনোদন জোগাতে বেশ কিছু বড় বাজেটের ও আকর্ষণীয় সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কয়েকটি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা নিয়ে লিখেছেন মাজেদ হোসেন টুটুল

রামায়ণ : রাইজ অব লিজেন্ড

ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম বৃহৎ ও মেগা বাজেটের পুরাণভিত্তিক ট্রিলজি প্রজেক্ট ‘রামায়ণ : রাইজ অব লেজেন্ড’। নিতেশ তিওয়ারি পরিচালিত এই ভিএফএক্স-নির্ভর সিনেমায় প্রাচীন মহাকাব্য রামায়ণের কাহিনি নতুন ভিজ্যুয়াল ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে। রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী, রাবণ চরিত্রে যশ এবং হনুমান চরিত্রে সানি দেওল। আজ ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে হিন্দু পুরাণের ঐতিহাসিক এই মহাকাব্যিক গল্প।

সেকশন ৮৪

অপরাধ ও মানসিক সুস্থতাসংক্রান্ত দ-বিধির ৮৪ ধারার পটভূমিতে এক অবসরপ্রাপ্ত রাজনীতিবিদের ক্ষমতার লড়াই ও উচ্চ-ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এক থ্রিলিং সফরের গল্প ‘সেকশন ৮৪’। বহুল প্রতীক্ষিত এই হাই-ভোল্টেজ হিন্দি কোর্টরুম ড্রামা ও ইনটেন্স থ্রিলার সিনেমাটি ১৪ নভেম্বর বড় পর্দায় হাজির হতে পারে। রিভু দাশগুপ্ত পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মহাতারকা অমিতাভ বচ্চন। আরও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন নিমরত কৌর, ডায়ানা পেন্টি এবং অভিষেক ব্যানার্জি।

গোলমাল ৫

বলিউডের অন্যতম সফল ও জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম পর্ব নিয়ে ভক্তদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। আউট-অ্যান্ড-আউট সিচুয়েশনাল কমেডি ও ড্রামায় এবার নতুন যুক্ত হচ্ছেন অক্ষয় কুমার। আগের মতো রয়েছেন অজয় দেবগন, আরশাদ ওয়ার্সি, কুনাল খেমু, তুষার কাপুর। রোহিত শেট্টির ‘গোলমাল ৫’ জানুয়ারির ৮ তারিখ আসছে প্রেক্ষাগৃহে। আগের পর্বগুলোর মতোই এটি গোপাল, মাধব ও বাকি বন্ধুদের মধ্যকার ভুল বোঝাবুঝি, পাগলামি, মারামারি ও সিচুয়েশনাল কমেডিতে ভরপুর হবে।

চামুন্ডা

ম্যাডক ফিল্মসের সুপারহিট হরর-কমেডি ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত হরর-কমেডি ‘চামুন্ডা’ মুক্তি পাবে ৪ ডিসেম্বর। ‘স্ত্রী’ ও ‘মুঞ্জা’ খ্যাত পরিচালক অমর কৌশিক এটি পরিচালনা করছেন। কেন্দ্রীয় চরিত্রে থাকছেন আলিয়া ভাট ও অনিল কাপুর। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সদ্যপ্রয়াত গুণী অভিনেতা নানা পাটেকরকে। সঙ্গে থাকছেন কার্তিক আরিয়ান। লোকগাথা ও ভৌতিক আবহনির্ভর এই সিনেমায় অশুভ শক্তিকে বধ করে সমাজকে বাঁচাতে এক নারীর সাহসী লড়াই দেখা যাবে।

ইথা

মহারাষ্ট্রের প্রখ্যাত লোকশিল্পী ভিঠাবাই ভাউ মাং নারায়ণগাঁওকরের জীবনসংগ্রামের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘ইথা’। প্রধান চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণদীপ হুডা, মোহাম্মদ জিশান আইয়ুব ও নানা পাটেকর। ১৯৪০ থেকে নব্বইয়ের দশক পর্যন্ত শিল্পীর উত্থান, সামাজিক প্রতিবন্ধকতা কেন্দ্র করে গল্পের পটভূমি সাজানো হয়েছে। সংগীতনির্ভর এই জীবনীভিত্তিক ড্রামা সিনেমা বড় পর্দায় দেখা যাবে ৪ ডিসেম্বর।

কিং

সিনেমাপ্রেমীদের জন্য এ বছরের সেরা আকর্ষণ বলিউড বাদশা শাহরুখ খানের ‘কিং’। মেয়ে সুহানা খানের সঙ্গে মারকাটারি অ্যাকশন এবং হাই-ভোল্টেজ ক্রাইম থ্রিলারভিত্তিক সিনেমাটি নিয়ে দর্শক-ভক্তদের উন্মাদনা ছড়িয়েছে। সুজয় ঘোষ পরিচালিত সিনেমাটি ২৪ ডিসেম্বর মুক্তি পাবে। এতে খলনায়ক হিসেবে থাকবেন অভিষেক বচ্চন। ‘কিং’-এ শাহরুখকে একজন অভিজ্ঞ ডার্ক মেন্টর ও দুর্ধর্ষ ঘাতকের চরিত্রে দেখা যাবে, যিনি তার শিষ্যকে আন্তর্জাতিক অপরাধ জগতের বিপদ থেকে বাঁচাতে লড়াইয়ে নামেন।