রাজধানীতে দুই ট্রাকের ‘রেষারেষিতে’ প্রাণ গেল দুজনের

ঢাকার কদমতলী এলাকায় দুই ট্রাকের ‘রেষারেষিতে’ পাশাপাশি সংঘর্ষে মিশুক ও অটোরিকশার দুই চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে পোস্তগোলা গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, হবিগঞ্জের আজমেরি থানার রসূলপুরের বাসিন্দা অটোরিকশা চালক জাকির হোসেন (৫৫) ও পটুয়াখালীর সদর উপজেলার জাহাঙ্গীর পোদ্দার (৫০)।

আহত হয়েছেন সিএনজি অটোরিকশা চালক সুভাষ চন্দ্র (৩৬)। তার বাড়ি চাঁদপুর মতলব উপজেলায়। 

নিহত জাকির হোসেনের ছেলে মো. মাহিন হোসেন জানান, তাদের বাসা রায়েরবাগ বাজার এলাকায়। তার বাবা অটোরিকশা চালান। রাত ৩টার দিকে পোস্তগোলা ব্রিজের নিচে একটি টং দোকানে বসে চা পান করছিলেন তিনি। পাশে আরও অনেক লোকজন ছিলেন। তখন একটি বড় ট্রাক এসে তাদের উপর উঠিয়ে দেয়। ৪-৫টি টং দোকানও গুড়িয়ে দেয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস সদস্যরা ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মো হাবিবুর রহমান জানান, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে। 

দুর্ঘটনায় আহতকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান হাবিবুর রহমান।