বার্লিনের হোটেলে মিলল জার্মান রাজনীতিবিদের মরদেহ

জার্মানির একজন বিশিষ্ট রাজনীতিককে বুধবার (৪ নভেম্বর) বার্লিনের একটি হোটেল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

ওই রাজনীতিবিদের নাম হুবার্ট আইভাঙ্গার (৫৫)। তিনি দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্যের উপ-প্রধান ছিলেন। তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। খবর বাসস।  

জার্মানির রাজধানী বার্লিনের পুলিশ এক বিবৃতিতে জানায়, শহরের মিটে এলাকার একটি হোটেল কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ও সরকারি কৌঁসুলিরা তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও পরিস্থিতি নির্ধারণ এবং এ ঘটনায় অন্য কোনো পক্ষের সম্পৃক্ততা রয়েছে কি না-তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছেন।

জার্মানির দৈনিক পত্রিকা বিল্ডের প্রতিবেদনে বলা হয়, আইভাঙ্গার তার দল ফ্রি ভোটার্সের একটি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে বার্লিনে গিয়েছিলেন তিনি। তবে অসুস্থ বোধ করায় তিনি অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। পরে হোটেলে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস সোয়েডার। তিনি এ ঘটনাকে ‘এক চরম মর্মান্তিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।

সোয়েডার বলেন, ‘আইভাঙ্গার মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। আমরা তার সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

২০০৬ সাল থেকে আইভাঙ্গার ফ্রি ভোটার্স পার্টির বাভারিয়া শাখার প্রধান ছিলেন। তার নেতৃত্বেই ২০১৮ সালে দলটি প্রথমবারের মতো রাজ্য সরকারে অংশ নেওয়ার সুযোগ পায়।