নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকা থেকে ১টি বিদেশী পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মোজাম্মেল হক রাজন নামে এক ‘সন্ত্রাসী’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) রাতে এ অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রাজন ১নং বাবুরাইল ঋষিবাড়ী সংলগ্ন গণি মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. সিরাজ মিয়া ও হালিমা বেগম দম্পতির পুত্র। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে হত্যা মামলাসহ তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. সাজেদুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) সাদ্দাম মল্লিক সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বুধবার রাত সোয়া ৯টার দিকে সদর মডেল থানাধীন ১নং বাবুরাইল এলাকায় অভিযান চালিয়ে মোজাম্মেল হক রাজনকে (৩৯) গ্রেপ্তার করে।
এ সময় রাজনের বসতঘর থেকে মেইড ইন ইউএসএ লিখা ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন যুক্ত ৭ (সাত) রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীর বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।