নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, গ্রেপ্তার ৮

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে নারায়ণগঞ্জে টানা তৃতীয় দিনের মতো গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিক জড়ো হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সড়ক অবরোধের চেষ্টা ব্যর্থ হয়।

বুধবার সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। সকাল সাড়ে ১১টার পর পরিস্থিতি শান্ত হয়ে আসে। কাঠেরপুল এলাকার যেসব পোশাক কারখানা চালু ছিল, সেগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়া হয়। শ্রমিকদের বের করে আনতে সকালে কয়েকটি কারখানায় ভাঙচুরের চেষ্টাও চালান বিক্ষুব্ধ শ্রমিকেরা। তবে ফতুল্লার বিসিক ও আদমজী ইপিজেডসহ অন্যান্য শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত ছিল।

শ্রমিকদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। কিন্তু পুলিশ বাধা দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের কর্মসূচি পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

অন্যদিকে পুলিশের বক্তব্য, গত দুই দিন ধরে শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও বিভিন্ন ব্যক্তির উসকানিতে তারা বারবার রাস্তায় নেমে সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করছেন। সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই তাদের বাধা দেওয়া হয়েছে। এ সময় উত্তেজিত শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে বাধ্য হয় পুলিশ।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, সকাল থেকেই বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও এসআরবির সদস্যদের মোতায়েন করা হয়। প্রথমে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করা হয়েছিল। মজুরি বোর্ড গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বোর্ডের সিদ্ধান্ত আসার পর আন্দোলন করার জন্য শ্রমিকদের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা কথা না শুনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে ওঠার চেষ্টা করেন। তাদের সড়কে ওঠা ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। দুপুর ১২টার পর থেকে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী দমন আইনে ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও এক থেকে দেড় হাজার ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার ও বুধবারের আন্দোলন চলাকালে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে সকাল থেকেই ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুলসহ আশপাশের এলাকার প্রধান সড়কে অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিএনপির নেতাকর্মীরা। দুপুরে কয়েকটি স্থানে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়।

এ সময় পুলিশের জলকামান ও সাঁজোয়া যান মোতায়েন ছিল। বিজিবিও সাঁজোয়া যান নিয়ে টহল দেয়। পাশাপাশি এসআরবি, গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে টহল দেন। নারায়ণগঞ্জের বিসিক, কাঁচপুর শিল্পাঞ্চল ও আদমজী ইপিজেডসহ বিভিন্ন শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল।

বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের বিভিন্ন স্থান পরিদর্শন করেন বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

পরিদর্শন শেষে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, তারাও চান শ্রমিকেরা ন্যায্য অধিকার পান। প্রধানমন্ত্রীও শ্রমিকদের পক্ষে রয়েছেন। একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে তিনিও চান তার প্রতিষ্ঠানের শ্রমিকেরা ন্যায্য অধিকার পান। ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে তিনি শ্রমিকদের ধৈর্য ধরতে এবং প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখতে আহ্বান জানান।

শিবু মার্কেট এলাকায় একটি কুচক্রী মহল শ্রমিকদের আন্দোলনকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। ষড়যন্ত্রকারীদের সতর্ক করে নজরুল ইসলাম আজাদ বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না। যারা পেছন থেকে ষড়যন্ত্র করছেন, তাদের সাবধান হতে হবে। ইতোমধ্যে কয়েকজন ষড়যন্ত্রকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সর্বাধিক পঠিত