শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের বিষয়ে স্কুলগুলোর বিতর্ক চলাকালে শিক্ষার্থীদের জন্য এআই ফিচার চালু করে সমালোচনার মুখে পড়ে গুগল। এরপরই তাদের এই এআই টুলগুলো ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, আমেরিকান স্কুলগুলোতে প্রযুক্তি খাতের একচ্ছত্র আধিপত্য রয়েছে এই সার্চ ইঞ্জিন জায়ান্টের। দেশটির বিভিন্ন স্কুলের ক্লাসরুমে জিমেইল, ডকস এবং ক্লাসরুম প্ল্যাটফর্মের মতো তাদের শিক্ষাবিষয়ক অ্যাপগুলো ব্যবহৃত হয়। এ ছাড়া কম দামের ক্রোমবুক ল্যাপটপগুলোই মার্কিন স্কুলগুলো শিক্ষার্থীদের সবচেয়ে বেশি দিয়ে থাকে।
বাসস জানায়, গত ৩ নভেম্বর (মঙ্গলবার) একটি ব্লগ পোস্টে গুগলের ঘোষণা অনুযায়ী, স্কুল কর্তৃপক্ষ নিজ দায়িত্বে এগুলো না চালু করা পর্যন্ত কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণির (কে-১২) শিক্ষার্থীদের অ্যাকাউন্টগুলোতে জেমিনি, জেমিনি নোটবুক, ক্লাসরুমে জেমিনি ও সার্চ-এই টুলগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে।
গুগল জানায়, নতুন এই নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রথমে যুক্তরাষ্ট্রে শুরু হয়ে পরবর্তীতে বিশ্বব্যাপী চালু করা হবে। তবে এখনও সুনির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। এই পরিবর্তনের ফলে স্কুলগুলো শিক্ষার্থীদের এআই সুবিধা ছাড়া গুগল সার্চ ব্যবহারের সুযোগ দিতে পারবে না।
গুগলের শিক্ষা বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ক্রিস ফিলিপস ‘নিউ ইয়র্ক টাইমস’কে জানান, ‘সার্চ ও এআই ওতপ্রোতভাবে জড়িত’, কারণ কোম্পানির সার্চ ইঞ্জিনের ভেতরেই এখন এআই ফিচারগুলো যুক্ত রয়েছে।
কোনো স্কুল যদি এআই নিষিদ্ধ করে, তবে শিক্ষার্থীরা ‘সার্চ ব্যবহারের সুযোগ পাবে না এবং তারা স্কুলের তরফ থেকে একটি বার্তা দেখতে পাবে যাতে বলা থাকবে যে সার্চ পাওয়া যাচ্ছে না।’
গত মাসে সেনেটর রিচার্ড ব্লুমেনথাল এবং জোশ হওলির কোম্পানির কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয় যে, বিশ্বব্যাপী ১৫ কোটিরও বেশি শিক্ষার্থী গুগল ক্লাসরুম ব্যবহার করে থাকে। স্কুল ডিভাইসগুলোতে কেন কৃত্রিম বুদ্ধিমত্তা ফিচারগুলোকে ডিফল্ট বা স্বয়ংক্রিয়ভাবে চালু রাখা হয়েছিল, চিঠিতে মূলত সে প্রশ্নই তোলা হয়েছিল।
গত আগস্টে গুগল সব বয়সের শিক্ষার্থীদের জন্য তাদের ক্লাসরুমে জেমিনি চ্যাটবট উন্মুক্ত করে দিয়েছিল।