২০২৭-এ এআই ও সেমিকন্ডাক্টর খাতে ব্যয় দ্বিগুণ করবে দক্ষিণ কোরিয়া

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর খাতে ২০২৭ সালে বরাদ্দ দ্বিগুণ করে রেকর্ড ১৬ বিলিয়ন ডলারে উন্নীত করবে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং সোমবার পার্লামেন্টে আগামী বছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ ঘোষণা দেন।

বাসস জানায়, দক্ষিণ কোরিয়া বিশ্বের অন্যতম প্রযুক্তিশক্তিধর দেশ। দেশটিতে রয়েছে স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের মতো প্রতিষ্ঠান, যারা বিশ্বের শীর্ষ তিন মেমোরি চিপ উৎপাদনকারীর মধ্যে অন্যতম। কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত প্রসারের কারণে এসব চিপের চাহিদা বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

লি বলেন, ‘সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই ও এআই ডেটা সেন্টার-এই তিনটি বৃহৎ প্রকল্পের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে আমরা ২১ দশমিক ৩ ট্রিলিয়ন ওন (১৬ বিলিয়ন ডলার) বরাদ্দ দেব। এ বরাদ্দ চলতি বছরের তুলনায় প্রায় দ্বিগুণ।’

অর্থনীতির প্রবৃদ্ধির সম্ভাবনা বাড়াতে আমরা এআই ও ভবিষ্যতের প্রবৃদ্ধির চালিকাশক্তিগুলোতে বড় ধরনের বিনিয়োগ করব। অর্থনৈতিক শক্তির ভিত্তি হলো প্রবৃদ্ধির এই সক্ষমতা বলে যোগ করেন তিনি।

লি জানান, নিজস্ব এআই মডেলকে বিশ্বের শীর্ষ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে অত্যাধুনিক এআই উন্নয়ন প্রকল্পে সরকার ৪ দশমিক ৭ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করবে। তিনি এআই মডেলকে দেশের একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সম্পদ হিসেবে উল্লেখ করেন।

২০২৭ সালের সরকারি ব্যয় পরিকল্পনা তুলে ধরে ভাষণে তিনি এসব প্রস্তাব উপস্থাপন করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত