আদালতে আত্মসমর্পণ করতে গিয়ে সাংবাদিককে গালাগাল পরীমনির

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণ করে জামিন নেওয়ার পর আদালত প্রাঙ্গণে একজন সাংবাদিককে গালাগাল করার অভিযোগ উঠেছে অভিনেত্রী পরীমনির বিরুদ্ধে।

এছাড়া তার নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আদালতে আসা একজন বিচারপ্রার্থীর মাথা ফেটেছে বলেও অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসব ঘটনা ঘটে।

আগের দিন জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আদালতে পৌঁছান পরীমনি। আদালত প্রাঙ্গণে এসে গাড়িতেই বসে ছিলেন তিনি।

এরপর পৌনে ১২টার দিকে তিনি এজলাসের দিকে রওনা হন। তখন তাকে তার নিরাপত্তারক্ষীরা ঘিরে রাখেন।

এ সময় সেখানে উপস্থিতদের সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় তার নিরাপত্তারক্ষীদের।

জানা যায়, লিফটে ওঠার সময় বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের সাংবাদিকের মোবাইল কেড়ে নেন পরীমনি। পরে ওই সাংবাদিক তা ছিনিয়ে নেন।

এরপর আদালত শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় পরীমনির জামিনের আদেশ দেয়।

জামিন নিয়ে বের হওয়ার সময়ই পরীমনির নিরাপত্তারক্ষীদের ধাক্কায় মাথা ফেটেছে বলে গণমাধ্যমে দাবি করেছেন আদালতের বারান্দায় দাঁড়িয়ে থাকা একজন বিচারপ্রার্থীর স্বজন।

এরপর আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় গাড়িতে ওঠার আগে ওই সাংবাদিকের সঙ্গে পরীমনির বাকবিতণ্ডা হতে দেখা যায়।

পরীমনির দাবি, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছেন। এরপর তিনি ওই সাংবাদিককে গালাগাল করেন বলে গণমাধ্যম প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়।

তবে ওই সাংবাদিক বারবার দাবি করেছেন, তিনি পরীমনির গায়ে হাত দেননি।