পরিচালন ব্যয় বাড়ায় গ্রক ব্যবহারে কড়াকড়ি

আয়ের তুলনায় পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রকের ব্যবহারে সীমা আরোপ করেছে ইলন মাস্কের এআই প্রতিষ্ঠান এক্সএআই। সম্প্রতি গ্রাহকদের অভিযোগ, নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ব্যবহারের সাপ্তাহিক সীমা শেষ হয়ে যাচ্ছে। ফলে গ্রকের এআই এজেন্ট ব্যবহারের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন অনেকে। বিনামূল্যে গ্রক সেবা চালু রাখা অত্যন্ত ব্যয়বহুল বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন মাস্ক। তার মতে, সেবা পরিচালনার খরচের তুলনায় আয় অনেক কম। মূলত জটিল নির্দেশনা অনুসরণ ও একাধিক এআই ব্যবস্থার সমন্বয়ে কাজ করার কারণে এ ধরনের এআই এজেন্ট পরিচালনায় বিপুল কম্পিউটিং ক্ষমতা প্রয়োজন হয়। ফলে বাড়ছে পরিচালন ব্যয়।

বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতায় মেতেছে বিশে^র বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। ব্যবহারকারীদের জন্য বিভিন্ন ধরনের এআই সহকারী চালু করলেও সেগুলোর পরিচালন ব্যয় মেটানো বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে আয় বাড়াতে প্রতিষ্ঠানগুলো পেইড সাবস্ক্রিপশন চালু করছে। গ্রকের ক্ষেত্রেও অর্থের বিনিময়ে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, এর অবকাঠামো ও পরিচালন ব্যয়ও তত বাড়ছে। তাই ভবিষ্যতে বিনামূল্যের এআই সেবার পরিসর সীমিত হওয়ার পাশাপাশি সাবস্ক্রিপশননির্ভর ব্যবসায়িক মডেল আরও গুরুত্ব পেতে পারে।