মশার উপদ্রব থেকে বাঁচতে অনেকেই ইলেকট্রিক ব্যাট ব্যবহার করেন। বৈদ্যুতিক শকের মাধ্যমে মশা-মাছি মারা হয় এ যন্ত্র দিয়ে। তবে প্রশ্ন হলো, এভাবে মশা মারা কি ইসলামের দৃষ্টিতে জায়েজ?
আলেমদের একদল মনে করেন, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ নেই। কারণ এতে মশা পুড়ে মারা যায়। অথচ আগুন দিয়ে কোনো প্রাণীকে শাস্তি দেওয়া বা হত্যা করা নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আগুন দিয়ে আল্লাহ ছাড়া অন্য কেউ শাস্তি দিতে পারবে না।’ (সহিহ বুখারি ৩০১৬)
তবে অনেক ইসলামি গবেষকের মতে, ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারা জায়েজ। কারণ এতে মশা আগুনে পুড়ে মারা যায় না, বরং বৈদ্যুতিক শকের কারণে মারা যায়। তাই একে আগুন দিয়ে পুড়িয়ে মারার বিধানের অন্তর্ভুক্ত করা যাবে না।
এ বিষয়ে সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটির এক ফতোয়াতেও ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারার অনুমতি দেওয়া হয়েছে। (ফাতাওয়া লাজনা দায়েমা ৫১৭৬) মাসিক আল-কাউসারের এক ফতোয়ায় বৈদ্যুতিক যন্ত্র দিয়ে মশা পুড়িয়ে মারাকে নাজায়েজ বলা হয়েছে। (আদ্দুররুল মুখতার ৬/৭৫২)
অন্যদিকে ভারতের দারুল উলুম দেওবন্দের ফতোয়া অনুযায়ী, মশা নিধনের বিকল্প কোনো পদ্ধতি না থাকলে ইলেকট্রিক ব্যাট ব্যবহার করা জায়েজ। আর বিকল্প পদ্ধতি থাকলে জায়েজ নেই।
ইলেকট্রিক ব্যাট ব্যবহার করে মশা নিধনের বিষয়ে সাধারণত এই ধরনের ফিকহি মতামত পাওয়া যায়। অধিকাংশ আলেম দারুল উলুম দেওবন্দের ফতোয়াকে প্রাধান্য দেন।