জামায় বমি লাগলে নামাজ সহিহ হবে কি

প্রশ্ন : বাসে করে দূরের সফরে যাওয়ার সময় যাত্রাপথে আমার বমি হয়। এতে জামার বিভিন্ন স্থানে বমি লেগে যায়। তাৎক্ষণিক টিস্যু দিয়ে বমি মুছে ফেলায় জামায় তেমন কোনো দাগ অবশিষ্ট ছিল না। এ অবস্থায় আমি ওই জামা পরেই মাগরিবের নামাজ আদায় করি।

এখন জানতে চাই, আমার এই নামাজ কি সহিহ হয়েছে? নাকি বমি জামায় লাগার কারণে নামাজ পুনরায় পড়তে হবে?

উল্লেখ্য, সফরের সময় আমার সঙ্গে অতিরিক্ত জামাও ছিল। নামাজের আগে জামা পরিবর্তন করে নেওয়ার সুযোগও ছিল। কিন্তু জামায় বমির দৃশ্যমান কোনো দাগ না থাকায় আমি তা পরিবর্তন না করেই নামাজ আদায় করি।

মাহমুদুল হাসান, শেরপুর

উত্তর : প্রশ্নোক্ত ক্ষেত্রে বমি যদি মুখ ভরে হয়ে থাকে এবং জামায় যতটুকু বমি লেগেছে সবটুকু মিলে তা পরিমাণে এক দিরহামের (হাতের তালুর সমপরিমাণ) চেয়ে বেশি হয়, তাহলে ওই জামা পরে আপনি যে নামাজ পড়েছেন তা সহিহ হয়নি।

এ ক্ষেত্রে ওই নামাজ পুনরায় পড়ে নেওয়া জরুরি। কিন্তু পরিমাণে এক দিরহাম বা তার কম হলে ওই নামাজ আদায় হয়ে গেছে। আর যদি বমি মুখ ভরে না হয়, তাহলে সেটি নাপাক নয় এবং নামাজও আদায় হয়ে গেছে।

উল্লেখ্য, ভালো জামা সঙ্গে থাকলে এ ধরনের কাপড়ে নামাজ আদায় না করে সবক্ষেত্রেই তা পরিবর্তন করে নেওয়া ভালো।

(সূত্র : বাদায়েউস সানাইয়ে ১/১৯৩, আলমুহিতুল বুরহানি ১/৩৭৪, আলবাহরুর রায়েক ১/২২৮, আদ্দুররুল মুখতার ১/৩১৬)

উত্তর দিয়েছেন মুফতি হাসান আল মামুন