রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের পঞ্চম চালান

কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নতুন একটি চালান পৌঁছেছে।  

শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এই চালান পৌঁছায়। এই দফায় এখন পর্যন্ত মোট ৫টি চালান প্রকল্প এলাকায় এসে পৌঁছেছে ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, রূপপুরের দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি (১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি) এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি (৪৮টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি) সরবরাহের জন্য মোট ৯টি চালানে এই পারমাণবিক জ্বালানি বাংলাদেশে আনা হচ্ছে। বাকি চালানগুলো আগামী ডিসেম্বর মাসের মধ্যে ধাপে ধাপে দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 

২০২৩ সালের অক্টোবর মাসের শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ২৯-৩০ অক্টোবরের মধ্যে এই পরীক্ষার আনুষ্ঠানিক সূচনা করা হয়।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বর মাসের মধ্যেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।